পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে ২ ও ৯১ নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ই মার্চ মিরপুর পল্লবীর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সার্বিক আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তবে বিশেষ কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, "পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের শপথ নিতে হবে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং থাকবে।"
তিনি আরও বলেন, "দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে যেন তিনি বাংলাদেশকে সকল প্রকার সংকট থেকে মুক্তি দেন। আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। আমি আজকের এই মহতী আয়োজনের জন্য আয়োজকবৃন্দ এবং উপস্থিত সকল নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির ২নং ও ৯১ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলের আয়োজক মীর ইমরান হোসেন মিথুন তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "২নং ওয়ার্ড বিএনপি পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে। আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দিকনির্দেশনায় মিরপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।"
সবশেষে ২নং ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে আগত সকল মেহমান ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com