প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১:৩৯ পি.এম
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্ত হলো ‘বেঙ্গল ইউনিভার্সিটি’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাময়িক অনুমোদন পেল বেঙ্গল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গাজীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ড. সৈয়দ জাভেদ মো. সালেহউদ্দিনের নাম রয়েছে।
বিশ্ব বিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বেঙ্গল ইউনিভার্সিটির সাময়িক অনুমোদনের চিঠিটি পেয়েছি। এই পত্রটি গাজীপুর বেঙ্গল ইউনিভার্সিটির ঠিকানায় মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সুদীর্ঘ চৌদ্দ বছরে অপেক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা ও দিকনির্দেশনায় বেঙ্গল ইউনিভার্সিটি বাস্তবতায় পদার্পণ করেছে। এজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি শুভেচ্ছা রইল।’
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের এই অনুমোদনপত্র প্রাপ্তির মাধ্যমে মূলত আমাদের সকলের দ্বায়িত্ব ও কর্তব্য বহুলাংশে বেড়ে গেছে এবং নতুনভাবে পথ চলা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি, অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের সকলের মূল্যবান সহযোগিতা ছাড়া আগামীর পথ চলা মসৃণ হবে না। আমি ও আমাদের নব প্রতিষ্টিত বেঙ্গল ইউনিভার্সিটি সকল বিষয়ে অতীতের মতো ভবিষ্যতেও সকলের মূল্যবান সহযোগিতা, সহমর্মিতা ও আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদের সকলের সুপরামর্শ কামনা করছি।’
এ সময় তিনি একজন অতি সাধারণ মানুষ হিসেবে যে কোনো ভুলভ্রান্তি কিংবা মানবিক দোষ ত্রুটি ও প্রতিষ্ঠানের যে কারও অনিচ্ছাকৃত ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
প্রতিষ্ঠানটির ভবিষ্যত উদ্যোগ প্রসঙ্গে ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন স্যারের সঙ্গে কথা বলে প্রাথমিক কিছু কাজ সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে ঈদের বন্ধ। এর মধ্যেই দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটি অ্যাপস নিয়ে কাজ করা হচ্ছে। এসব কিছু সমাপ্তির পর আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ্।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তারা অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি শুভেচ্ছা গ্রহণ করেছেন। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অভ্যন্তরীণ কাজগুলো সমাপ্ত করছেন। বিশ্ব বিদ্যালয় তাদের ওয়েবপেজ ডেভেলপমেন্ট করে তাদের জানাবে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে বেশ কয়েকটি নানা অনিয়মের কারণে বন্ধ রয়েছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ মতিঝিল, সি/এ আর এস ভবন, ৩য় তলা, স্যুট-৪০২, ঢাকা-১০০০ / Office : Dhaka,Bngkadesh. Mobile : 01819885817, Email : digontodhara@gmail.com
© All rights reserved © 2016 digontodhara.news