
রাজধানীর মহাখালীতে অবস্থিত খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে তিন হয়েছে। সর্বশেষ উদ্ধার হয়েছে আগুন লাগার পর থেকে নিখোঁজ থাকা আকলিমা রহমানের (৩০) মরদেহ।
আকলিমার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত আকলিমা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জানান, খাজা টাওয়ারে রেস অনলাইন লিমিটেডে নামের একটি কম্পানিতে কাজ করতেন আকলিমা। বিকেল ৪টার দিকে তিনি ফোন দিয়ে পরিবারের সদস্যদের আগুনে আটকা পড়ার কথা জানিয়েছিলেন।
এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাত সাড়ে ১২টার পর ফায়ার সার্ভিসের সদ্যসরা আকলিমার দেহ উদ্ধার করে নিয়ে আসেন।
খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডে এর আগে আরো দুইজনের মৃত্যু হয়। মো. রফিকুল ইসলামকে (৬৩) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার আগে হাসনা হেনা (২৭) নামের এক নারী তার ধরে গ্রিল টপকে নামার সময় পড়ে মারা যান।
এদিন বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে।