
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে রাজধানীর ২নং ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ২নং ওয়ার্ডের অন্তর্গত ‘প’ ব্লকে কয়েকশ’ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
বিকেলে ‘প’ ব্লক এলাকায় এক আনন্দঘন ও মানবিক পরিবেশে এই ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এলাকার দিনমজুর, রিকশাচালক এবং নিম্নআয়ের প্রান্তিক মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার পৌঁছে দেন ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে ইফতারের প্যাকেট হাতে পেয়ে অনেকের মুখেই স্বস্তির হাসি দেখা যায়।
ইফতার বিতরণ শেষে মীর ইমরান হোসেন মিথুন উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। বর্তমানে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি এবং নিত্যপণ্যের দাম যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, তাতে নিম্নআয়ের মানুষের পক্ষে সম্মানের সাথে সেহরি ও ইফতার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয়, বরং মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা থেকেই আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছি। ২নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখে-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আগামী দিনেও আমার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”