
দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন ২৯ অক্টোবর। সেদিন প্রকল্পটির ঐ অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ঠিক পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর থেকেই বাণিজ্যিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল রুট চালু হবে।
সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। ৩০ অক্টোবর বাণিজ্যিকভাবে উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। এজন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
ডিএমটিসিএল জানায়, মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচলে বাকি মাত্র ১২ দিন। বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনার জন্য এখন চলছে সিমিউলিটর টেস্ট। অর্থাৎ কোন স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে, ট্রাকের বিভিন্ন বাঁকে কীভাবে ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে এসব বিষয়ে চূড়ান্ত টেস্ট চলছে। বাণিজ্যিক যাত্রা শুরু হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে সে হোমওয়ার্কও চলছে কন্ট্রোল সেন্টারে। কীভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা যাবে, কমিউনিকেশন প্রক্রিয়া, রেলের ট্রাক সব মনিটর করা যাবে এখান থেকে। এমনকি কোনো যাত্রীর কারণে ট্রেনের দরজা বন্ধ করা না গেলে এখান থেকে মনিটর করে ব্যবস্থা নিতে পারবে।
ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচলের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। পুরো রুট চলাচলের জন্য আমাদের টেকনিক্যাল কিছু বিষয় পরীক্ষা করতে হয়। এখন সেগুলোই করছি।